রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি (৩২) নামের এক যুবককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। নিহত রাকিবুল নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় পানির পাইপলাইনের মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এই মারধরের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তিন শিক্ষার্থী হলেন-রাজশাহী নার্সিং কলেজের আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চোর সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাঁরা তাঁকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পেটান। এতে তাঁর দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে আহত অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুরুতে এই হত্যাকাণ্ডের কোনো সূত্র পুলিশের কাছে ছিল না। নিহতের পরিবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছিল। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখতে পায়, নার্সিং কলেজের শিক্ষার্থীরা ওই যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করছেন। সেই ফুটেজ দেখেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এই ঘটনার সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজন জড়িত রয়েছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাশের ময়নাতদন্ত শেষে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল