রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামের এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ (১৭ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়ার কাউন্সিল বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। এই ঘটনায় জড়িত ঘাতক মাইনুলকে (২৩) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। মাইনুল কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মামুনুর রশিদ জুয়েল তার মুদি দোকান খোলার পর পাশের দোকান থেকে গরুর মাংস কিনে নিজ দোকানে ফেরেন। এ সময় মাইনুল তার কাছে এসে নেশার জন্য টাকা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকার করলে মাইনুল আকস্মিক তার বুকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জুয়েল চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পার্শ্ববর্তী ব্যবসায়ীরা মাইনুলকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘাতক মাইনুল একজন মাদকাসক্ত যুবক। সে নেশার টাকার জন্য প্রায়ই বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করত। টাকা না পেয়ে সে ব্যবসায়ী জুয়েলকে সরাসরি বুকে ছুরিকাঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবিসি/টিবিএ