রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোঃ গোলাম মোস্তফা (৫০) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মোস্তফা নগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের পুত্র।
নিহতের স্বজনরা জানান, শনিবার রাত ৮টার দিকে মোস্তফা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে থাকেন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। ডা. শংকর জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে নগরীর মতিহার জোনের এসি সোহেল রানা জানান, গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।
স্থানীয়রা জানান, নিহত গোলাম মোস্তফা দিনমজুরি করে সংসার চালাতেন এবং তিনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তাকে গুলি করে হত্যার ঘটনায় সবাই অবাক হয়েছেন।
ডিবিসি/আরএসএল