দিনে প্রজাপতি, রাতে ডানা থেকে জ্বলে ওঠে আলো। রাজশাহীতে বসানো হয়েছে এমন দৃষ্টিনন্দন সড়কবাতি।
উন্নত বিশ্বের শহরের আদলে বসানো এই বাতির ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন উদ্যোগে রাজশাহীর সিটি করপোরেশনের প্রশংসা করছেন অনেকেই।
রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড়। চার লেনের এই সড়কে দৃষ্টিনন্দন প্রজাপতি আকৃতির সড়কবাতি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকে।

দিনে প্রজাপতির মতো দেখতে এই বাতিগুলো সন্ধ্যায় জ্বলে ওঠে স্বয়ংক্রিয়ভাবে। আর এর সৌন্দর্য্যে মুগ্ধ ঘুরতে আসা মানুষ।
গেল বৃহস্পতিবার এই সড়ক বাতি কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।
উন্নত বিশ্বের শহরের আদলেই রাজশাহীতে দৃষ্টিনন্দন সড়কবাতি বসানো হয়েছে বলে জানান মেয়র।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, এটা শুধু আলো দিবে, নিরাপত্তা বাড়াবে তাই নয়। বরং এটা সৌন্দর্যর একটা মাত্রা যোগ করলো। এই সবগুলি রাস্তাতেই এই রকমই অথবা এরচয়েে আরো সুন্দর বিদ্যুতের পোল দিয়ে আলোকায়ন করা হবে।
৪ দশমিক ২ কিলোমিটার সড়কটিতে ১৭৪টি দৃষ্টিনন্দন পোলে লাগানো হয়েছে এসব বাতি। খরচ হয়েছে ৫ কোটি ২২ লাখ টাকা।