রাজশাহীর বাঘা উপজেলার চন্ডীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও স্যালো মেশিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার আব্দুর রহিম শরীফ (৪০), বিধান চন্দ্র রায় (৫০) এবং রকেনা বেগম (৯০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাঘাগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লালপুরগামী একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি এবং ভুটভুটিটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ