বাংলাদেশ, জেলার সংবাদ

রাজশাহীতে স্কুলের সামনে ছাত্রীকে ছুরিকাঘাত

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহীতে স্কুলের সামনে নন্দিনী ঘোষ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

আজ রবিবার দুপুর ১২টার দিকে নগরীর মুন্নাফের মোড় প্রফেসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত সিজান। সে নগরীর তালাইমারি বাদুরতলা এলাকার বাসিন্দা।

 

শিক্ষার্থী নন্দিনী এসএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা দেখাতে রবিবার দুপুরে সে স্কুলে যাচ্ছিল। স্কুল থেকে মাত্র ২০০ মিটার দুরে পৌঁছালে তার পথ আটকে ছুরিকাঘাত করে হাত ও পিঠে জখম করে সিজান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

 

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নন্দিনীর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নন্দিনীর সঙ্গে তার দুই বান্ধবী ছিল। হামলাকারী ব্যক্তি নন্দিনীর এক বান্ধবীর স্বামী বলে জানা গেছে। হামলার পর সে পালিয়ে যায়। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা পুলিশ এখনো কোনো তথ্য দিতে পারেনি।  

 

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, নন্দিনী মানবিক বিভাগের ছাত্রী, এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ঘটনাটি পুলিশের কাছ থেকে শুনেছেন তিনি।

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। আহত ছাত্রী ডাক্তারের অধীনে হাসপাতালে চিকিৎসারত থাকায় তার কাছ থেকেও জানা যাচ্ছে না। পুলিশ অভিযোগ পাবার অপেক্ষা করছে।

 

নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন