রাজশাহীর মোহনপুর ও পুঠিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন কিশোরসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে ঘটিত এ দুটি দুর্ঘটনায় বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় হতাহতের এসব ঘটনা ঘটে।
নিহত তিন কিশোর হলো মোহনপুর উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (১৬), সাঁকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাতুল মিয়া (১৫) এবং একই এলাকার স্বাধীন মিয়া (১৭)। অন্যদিকে পুঠিয়ায় নিহত দই ব্যবসায়ী মানিক চাঁদ (৬০) চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত শুকচাঁদের ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি ভ্যান চালাতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন দিবাগত রাত সাড়ে আটটার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের সামনে রাজশাহীগামী একটি বেপরোয়া ড্রাম ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হন।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পর রাতুল মিয়া মারা যান। এছাড়া, গুরুতর আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, একই দিন রাত সাড়ে আটটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটা এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মানিক চাঁদ নামের এক দই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শিবলু (২৮) নামের আরও একজন গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, মানিক চাঁদ ভ্যান চালিয়ে বানেশ্বর থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। তাঁর ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন শিবলু। পথে আমহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ড্রাম ট্রাক ভ্যানটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে বেলপুকুর থানার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে