রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের সেই প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বহিষ্কার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার এ ঘটনায় সংবাদ সম্মেলন করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলিয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য আলটিমেটাম দেন কয়েকজন বিএনপি নেতা। এরপর আলেয়া খাতুন হীরাকে সাময়িক বহিষ্কার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দাউকান্দি সরকারি কলেজে গিয়ে আলিয়া খাতুনের সঙ্গে মারামারিতে জড়ান স্থানীয় বিএনপির এক নেতা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই শিক্ষিকার দাবি, বিএনপির নেতাকর্মীরা প্রায়ই কলেজে গিয়ে চাঁদা দাবি করতেন। এরই জেরে এই হামলা হয়েছে।
তবে এই ঘটনার পর শনিবার আলিয়া খাতুন ও কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীরা। ওই সংবাদ সম্মেলনে শিক্ষিকাকে মারধরে জড়িতরাও উপস্থিত ছিলেন।
বিএনপির এই আল্টিমেটামের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আলিয়া খাতুনকে সাময়িক বহিষ্কার করে মাউশি। এরপর রোববার দুপুরে আলিয়া খাতুন ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে মানববন্ধন করেন কলেজটির অন্যান্য শিক্ষক-কর্মচারীরা। আতঙ্কে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
এদিকে, প্রকাশ্যে মারধরের ঘটনার চারদিন পেরিয়ে গেলেও থানায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।
ডিবিসি/আরএসএল