রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই আকস্মিক কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে রাজশাহীর শ্রমিকরা সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন। এর আগে একই কারণে সোমবার রাতেও এক ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা মারাত্মক বিপাকে পড়েছেন। এমনকি অগ্রিম টিকিট কেটেও অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বাধ্য হয়ে বাস কাউন্টারে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাদের হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় নির্বাচন কমিশনে মালিকপক্ষের একজন প্রতিনিধির নাম প্রস্তাব করা হলে শ্রমিকরা তার তীব্র প্রতিবাদ জানান। এই প্রস্তাব নিয়ে মতবিরোধ ও দ্বন্দ্বের জেরে শ্রমিক পক্ষ ওই সভা প্রত্যাখ্যান করে এবং বাস চলাচল বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দেয়।
ডিবিসি/পিআরএএন