প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার স্কটিশ বংশোদ্ভূত মা মেরি অ্যান ম্যাকলিওড ব্রিটিশ রাজপরিবারকে অত্যন্ত পছন্দ করতেন। বিশেষ করে বর্তমান রাজা চার্লস যখন তরুণ প্রিন্স ছিলেন, তখন তাকে দেখে ট্রাম্পের মা কিউট বলে মন্তব্য করতেন।
রাজা চার্লস ও রানি কামিলার উপস্থিতিতে ট্রাম্প অত্যন্ত হাস্যরসের সাথে বলেন, "আমার স্পষ্ট মনে আছে মা বলতেন, 'চার্লসকে দেখো, তরুণ চার্লস দেখতে কত কিউট'।" তিনি মজা করে আরও যোগ করেন, "আমার মনে হয় চার্লস আমার মায়ের একটা ক্রাশ ছিল-আপনি কি তা বিশ্বাস করতে পারেন?" ট্রাম্পের এই মন্তব্যে রাজা চার্লস কিছুটা অপ্রস্তুত হলেও মৃদু হাসেন। ট্রাম্প জানান, তার মা রানি এলিজাবেথকেও খুব শ্রদ্ধা করতেন এবং টেলিভিশনে রাজপরিবারের যেকোনো অনুষ্ঠান গভীর আগ্রহ নিয়ে দেখতেন।
ডোনাল্ড ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিওড ১৯১২ সালে স্কটল্যান্ডের হেব্রিডিয়ান দ্বীপপুঞ্জের লুইসের অন্তর্গত টং গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে মাত্র ১৯ বছর বয়সে কাজের সন্ধানে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে সফল আবাসন ব্যবসায়ী ফ্রেড ট্রাম্পের সাথে তার বিয়ে হয় এবং তারা দীর্ঘ ৬৩ বছর একসাথে সংসার করেন। ট্রাম্প তার মায়ের জন্মস্থানকে প্রকৃত গম্ভীর স্কটল্যান্ড হিসেবে অভিহিত করেন, যেখানে বড় বড় যোদ্ধাদের জন্ম হয়েছে।
বিবিসির রাজপরিবার বিষয়ক সংবাদদাতা শন কফলান এই সফরকে রাজা চার্লসের রাজত্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে।
রাজনৈতিক টানাপোড়েন থাকলেও ট্রাম্প ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তাই দুই দেশের বিশেষ সম্পর্ক জোড়া লাগাতে রাজার এই সফরকে একটি গুরুত্বপূর্ণ ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসএফএল