যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রবিবার (৭ জুন) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেনটি রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে, যার ফলে রাতের সেবার সময়ও বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আগামী ৭ তারিখ থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে প্রথম চলাচল শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য স্টেশনগুলো চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হওয়ার মাধ্যমে উত্তরা-মতিঝিল রুটে পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়। বর্তমানে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত সম্প্রসারণের নির্মাণকাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে এমআরটি লাইন-৬-এর সম্পূর্ণ রুটটি চালু হবে।
ডিবিসি/এসএফএল