কানাডার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বেলজিয়াম। আহমেদ বিন আলী স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচটি শুরু রাত ১টায়।
কাতার বিশ্বকাপে বেশ চাপেই রয়েছে বেলজিয়াম। দেশটির গোল্ডেন জেনারেশনের বেশিরভাগ ফুটবলারদেরই এটাই শেষ বিশ্বকাপ। বাছাইপর্বে দারুণ পারফর্ম করে কোয়ালিফাই করলেও, সম্প্রতি তাদের পারফরমেন্স হতাশ করেছে সমর্থকদের।
সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে হারের পর প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে বাজে পারফরেমন্স জন্ম দিয়েছে সমালোচনার। তবে, কানাডাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করতে মরিয়া রেড ডেভিলসরা।
এদিকে, ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে কানাডা। কনকাকাফ অঞ্চল থেকে ম্যাক্সিকো ও আমেরিকাকে পেছনে ফেলে শীর্ষে থেকেই বিশ্বকাপে নাম লিখিয়েছে ম্যাপল লিফরা। কোয়ালিফাইং রাউন্ডে সবচেয়ে বেশি ২৩ গোল দিয়ে তারা হজম করেছে মোটে ৭টি। বেলজিয়ামের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কানাডাও।