রাজশাহীতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষক (টিটিই) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিটিই সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করলে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে স্টেশনে পৌঁছানোর আগেই তাকে একটি স্টেশনে জোর করে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে অভিযুক্ত টিটিই সুমনের শাস্তি দাবি করেন। তাদের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
অবরোধের কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে।
ডিবিসি/এসএফএল