রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। গত শুক্রবার (১৯ জুন) দিনগত রাত ১টার দিকে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
আজ শনিবার (২০ জুন) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ জুন দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় গত রবিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে হামলার ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জিসান আহমেদ মন্টিকে প্রধান আসামি করা হয়েছে। পলাশের মৃত্যুর পর এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডিবিসি/টিবিএ