জাতীয়

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১৫ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট (তদন্ত প্রতিবেদন) দ্রুততম সময়ের মধ্যে পুলিশ জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ধর্ষণের মত যত অপরাধ ঘটেছে, তার প্রতিটিতেই দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরইমধ্যে আদালতে কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তার স্বীকারোক্তি পাওয়ায় এই মামলার তদন্ত শেষ করতে খুব বেশি সময় লাগবে না বলেও জানান মন্ত্রী।


আলোচিত কুমিল্লার তনু হত্যা মামলা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিনের তদন্তাধীন এই মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, তনু হত্যাকাণ্ডে নতুন করে আরও একজনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা।


পশ্চিমবঙ্গে চলমান নাগরিকত্ব ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গে যা ঘটছে, তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। তবে এই পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন