জাতীয়

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৭ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এই ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় তিনি এই নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত তদন্তের মাধ্যমে শনাক্ত ও গ্রেপ্তার করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

 

মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

সভায় উপস্থিত সদস্যরাও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন