রাজধানীর মিরপুরের পল্লবীতে ২০ বছর বয়সী তরুণী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে অভিযোগ গঠনের এ আদেশ দেন। সেই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে আজ সকাল পৌনে ৮টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। শুনানিকালে এজলাসে নেওয়ার আগ পর্যন্ত সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি ভাড়া বাসা থেকে তরুণী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আদালতে এই ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সোহেল। তদন্ত শেষে গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সেদিনই অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
এই মামলার অভিযোগপত্রে প্রধান আসামি সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলায় রামিসার বাবা ও প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর