কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি নিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের ছোঁড়া গুলিতে আহত মো. আয়াজ নামের এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখোলা এলাকায় জমির বিরোধ নিয়ে মো. আয়াজের সঙ্গে তার ছেলে জোবাইর উদ্দিনের মধ্যে ব্যাপক তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জোবাইর ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক চট্টগ্রামে প্রেরণ করেন।
রবিবার সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ কক্সবাজারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে বলে জানান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। ঘটনায় লিখিত এজাহার পেলে পুলিশ মামলা নথিভূক্ত করবে।
ডিবিসি/এইচএপি