রাশিয়ার বিভিন্ন স্থানে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে এবং শনিবার (১৮ জুলাই) সারাদিন ধরে চলা এই হামলায় মস্কোর কাছাকাছি এলাকাসহ রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়।
রুশ কর্মকর্তাদের মতে, রাশিয়ার প্রধান অনলাইন রিটেইলার 'ওয়াইল্ডবেরিজ'এর দুটি বিশাল গুদামে ড্রোনের আঘাত লেগেছে। এর মধ্যে তাম্বভ অঞ্চলের কোটোভস্কের গুদামে হামলায় ৭ জন নৈশকর্মী নিহত এবং ২৫ জন আহত হন। অন্যদিকে মস্কোর কাছাকাছি ইলেক্ট্রোস্টাল এবং নোগিনস্ক এলাকায় ১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। নোগিনস্কে একটি তেল ডিপোতে ড্রোনের আঘাতে ভয়াবহ আগুন ধরে গেলে আশেপাশের একটি হাসপাতাল ও আবাসিক ভবন খালি করতে হয়। এছাড়া বেলগোরোদ অঞ্চলে হামলায় আরও একজন নিহত হয়েছেন এবং ভ্লাদিমির শহরে একটি আবাসিক ভবনে ড্রোনের আঘাতে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো ও তাম্বভ অঞ্চলে তারা দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনায় আঘাত হেনেছেন, যেখান থেকে রুশ বাহিনীর জন্য ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরির উপাদান সরবরাহ করা হতো। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, নোগিনস্কের জ্বালানি ডিপোটি সরাসরি রুশ সশস্ত্র বাহিনীকে জ্বালানি সরবরাহ করত। এর পাশাপাশি আজভ ও কৃষ্ণ সাগরে সামরিক কার্গো বহনকারী একাধিক রুশ নৌযান এবং অধিকৃত লুহানস্ক অঞ্চলে সামরিক কাজে ব্যবহৃত একটি রেলসেতুতেও তারা সফল হামলা চালিয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৯টি অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণ সাগর এলাকায় ইউক্রেনের মোট ৩৭৯টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।
সূত্র: এবিসি নিউজ
ডিবিসি/এফএইচআর