জেলার সংবাদ

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মেহেরপুরের আলাল মারা গেছেন

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিখোঁজ বাংলাদেশি কর্মী আলাল হোসেন রাজুর মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর মৃত্যুর খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। নিহত আলাল মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া মাঠপাড়ার খেড়ু মণ্ডলের ছেলে।

মঙ্গলবার রাশিয়ার আমুর অঞ্চলের ওই কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকেই আলাল নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাশিয়ান সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবার সূত্রে জানা গেছে, ১৩ মাস আগে কাজের সন্ধানে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আলাল। সেখানে তিনি চীনের সিনোপেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করতেন। চলতি প্রজেক্টের কাজ শেষেই তার দেশে ফেরার কথা ছিল।

 

বিস্ফোরণের খবর পেয়ে ঢাকায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যরা জানতে পারেন যে এই দুর্ঘটনায় আলালের মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনী তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিবারকে বিস্তারিত জানানো হবে। তার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো হোগলবাড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন