ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন হামলা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে এমন পর্যায়ে নিতে হবে, যাতে প্রতিদিন অন্তত ১,০০০ দূরপাল্লার ড্রোন তৈরি করা সম্ভব হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দূরপাল্লার হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিদিন আনুমানিক ৩০০ ড্রোন ব্যবহারের সক্ষমতার তুলনায় এই লক্ষ্য তিনগুণেরও বেশি। জেলেনস্কি বলেন, ‘আরও অনেক কিছু করার প্রয়োজন আছে। একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে এবং আমরা এই কাজটি সম্পন্ন করব।’
এর আগে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জন র্যাটক্লিফের মস্কো সফর এবং সেখানে অনুষ্ঠিত বৈঠক নিয়েও কথা বলেন।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ‘সাম্প্রতিক দিনগুলোতে মস্কোতে অনুষ্ঠিত বৈঠকগুলোর বিষয়ে কিয়েভ মার্কিন পক্ষের কাছ থেকে তথ্য পেয়েছে।’ তবে এসব বৈঠকের বিস্তারিত তিনি প্রকাশ করেননি। তিনি আরও বলেন, ‘সেখানে বেশ কয়েকটি বৈঠক হয়েছে।’ একই সঙ্গে তথ্য দেওয়া এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রয়োজনীয় অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
ক্রেমলিন নিশ্চিত করেছে, র্যাটক্লিফ মস্কো সফরে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে রুশ কর্তৃপক্ষের দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।
স্থবির শান্তি আলোচনার মধ্যে সিআইএ পরিচালকের এই মস্কো সফরকে বিরল উচ্চপর্যায়ের সরাসরি গোয়েন্দা যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। এদিকে গত একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শুক্রবার ভোরে কিয়েভ অঞ্চলে অন্তত একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান।
উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি ড্রোন হামলায় ৬১ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং সাতজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে।
খেরসনেও শুক্রবার রাতে রুশ বিমান ও কামান হামলা হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুডিনের তথ্য অনুযায়ী, এসব হামলায় ৬১ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং একটি শিশুসহ আরও ১১ জন আহত হয়েছেন। কৃষ্ণসাগরের কাছে দক্ষিণ ইউক্রেনে অবস্থিত খেরসনের বিভিন্ন স্থানে দিনভর হামলা অব্যাহত ছিল।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে গোলাবর্ষণে ২৬ বছর বয়সী এক পুরুষ এবং ৩৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এ ঘটনায় দুই শিশুসহ আরও ১৩ জন আহত হন। এদিকে জেলেনস্কির দাবি, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়ারোস্লাভল অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে টেলিগ্রামে লিখেছিলেন, দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়ার গভীরে অবস্থিত সামরিক উৎপাদনকেন্দ্র ও তেল স্থাপনায় হামলার উচ্চ কার্যকারিতা প্রমাণ করেছে। তার দাবি, এসব হামলার ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ও রপ্তানি আয় চাপের মুখে পড়ছে। পাশাপাশি দেশটির কঠিন-জ্বালানিচালিত রকেট ইঞ্জিন উৎপাদন ব্যবস্থাও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে আসছে। নতুন উৎপাদন লক্ষ্য বাস্তবায়িত হলে রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের হামলার মাত্রা আরও বাড়তে পারে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এমএনকে