রাশিয়ার সাখালিন দ্বীপের বাসিন্দারা সম্প্রতি এক বিরল ও বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হলেন। আকাশে একই সময়ে দুটি সূর্য জ্বলতে দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। বিরল এই মহাজাগতিক দৃশ্যের ছবি ও ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, দিগন্তে সূর্যের ঠিক পাশেই আরেকটি উজ্জ্বল আলোর উৎস জ্বলজ্বল করছে, যা দেখে মনে হচ্ছে আকাশে যেন দুটি সূর্য। তবে বিদেশি সংবাদমাধ্যম ও আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি অলৌকিক কিছু নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বায়ুমণ্ডলীয় ঘটনা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিজ্ঞানের ভাষায় এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমকে বলা হয় ‘সান ডগ’ (Sun Dog) বা ‘প্যারহিলিয়ন’ (Parhelion)। মূলত অতিশীতল আবহাওয়ায় বাতাসে ভেসে থাকা অসংখ্য ক্ষুদ্র বরফকণা বা আইস ক্রিস্টালের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এই দৃশ্য তৈরি করে। এর ফলে মূল সূর্যের পাশে এক বা একাধিক নকল সূর্য বা উজ্জ্বল আলোর বলয় দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটার সময় সাখালিন দ্বীপে তাপমাত্রা ছিল মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পূর্বাভাস বলছে, তাপমাত্রা আরও কমে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আবহাওয়াবিদদের মতে, এ ধরনের হাড়কাঁপানো শীতেই সাধারণত ‘সান ডগ’-এর মতো বিরল দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
ডিবিসি/এএমটি