আন্তর্জাতিক

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। বুধবার (৫ অআগস্ট) মধ্যরাতের পর শুরু হওয়া এ বছরের অন্যতম প্রাণঘাতী এই হামলায় আবাসিক ভবন, একটি রেলস্টেশন ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, কিয়েভ শহরে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বৃহত্তর অঞ্চলে আরও ১৬ জন মারা গেছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো আশঙ্কা প্রকাশ করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। অঞ্চলজুড়ে প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আগুন নেভানোর কাজ চলছে।

 

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, হামলার সময় রাজধানী কিয়েভে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৮টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করার কোনো খবর জানানো হয়নি।

 

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেন দীর্ঘদিন ধরে মিত্রদের কাছে মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধক চেয়ে আসছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অংশীদারদের কাছ থেকে অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম পেতে বিলম্বের ফলেই এই "ভয়াবহ হতাহত ও ধ্বংসযজ্ঞ" ঘটেছে। সময়মতো এসব সরঞ্জাম পেলে প্রাণ বাঁচানো সম্ভব হতো।

 

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুত, সরবরাহ এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা বন্দরের কাছে অস্ত্র বহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভের ওপর হামলা বাড়ানোর পাশাপাশি ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনায় পাল্টা আক্রমণ জোরদার করেছে। রাশিয়ার তুলা অঞ্চলে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ড্রোন হামলায় আগুন ধরে গেছে এবং একজন আহত হয়েছেন। এর আগে মস্কো অঞ্চলে আরেকটি গুদামে হামলায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছিলেন।

 

এদিকে, রুশ কর্মকর্তারা জানিয়েছেন যে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি ব্যস্ত সৈকতে ড্রোন হামলায় সাতজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, খেরসনে ড্রোন দিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করার একটি ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন এবং এটিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো পরিকল্পিত শিকার বা সাফারি বলে আখ্যা দিয়েছে। বর্তমান সংঘাতে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন