আন্তর্জাতিক

রাশিয়ায় সমুদ্র সৈকতে প্রাণঘাতী ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত সাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি সমুদ্র সৈকতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আকস্মিক ও প্রাণঘাতী এই হামলায় শিশুসহ অন্তত সাতজন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত চল্লিশ জন। এই ঘটনায় ওই অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে আরখিপো-ওসিমোভকা সৈকতে। এটি রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী রিসোর্ট শহর গেলেন্ডজিকের পাশেই অবস্থিত। মনোরম পরিবেশের কারণে দীর্ঘদিন ধরেই এলাকাটি রুশ পর্যটকদের কাছে অবকাশ যাপনের জন্য অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য হিসেবে পরিচিত।

 

ক্রাসনোদার ক্রাই-এর অপারেশনাল হেডকোয়ার্টার্স এই হামলার ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আরখিপো-ওসিমোভকা সৈকতে হওয়া এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে সাতজনে দাঁড়িয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ওই বিবৃতিতে জানানো হয়, সৈকতে বিশ্রামরত অবস্থায় চালানো এই ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন মানুষ বিভিন্ন মাত্রায় আঘাত পেয়ে আহত হয়েছেন।

 

হামলার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ১৯ জন বহির্বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন