রাশিয়ার শত শত কামিকাজে ড্রোন তৈরিতে চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ উপকরণ সরবরাহ করেছে বলে এক অনুসন্ধানে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও পলিটিকোর যৌথ তদন্তে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তদন্তে পাওয়া রুশ নথি অনুযায়ী, চীনের জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের একটি সহযোগী প্রতিষ্ঠানে ৪৬ টন কার্বন ফাইবার তৈরির কাঁচামাল পাঠিয়েছে। এসব উপকরণ রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রোন তৈরিতে ব্যবহৃত হয়।
নথিতে দেখা যায়, ২০২৬ সালে দুটি ৪০ ফুট কনটেইনারে করে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল প্রিকারসর পাঠানো হয়। এই উপাদান উচ্চমানের হালকা কার্বন ফাইবার তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। সামরিক বিশেষজ্ঞদের মতে, ড্রোনের পাখা, অভ্যন্তরীণ কাঠামো, জ্বালানি ট্যাংক ও ইঞ্জিনের কাঠামো শক্তিশালী করতে এই কার্বন ফাইবার ব্যবহৃত হয়।
তদন্তকারীদের দাবি, চালানটি এমন একটি কাস্টমস কোডে পাঠানো হয়েছে, যা সাধারণ সিনথেটিক ফাইবারের জন্য ব্যবহৃত হয়। ফলে এটি দ্বৈত-ব্যবহারযোগ্য (বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য) পণ্যের প্রকৃত পরিচয় আড়াল করতে পারে।
মার্কিন অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইটের হিসাব অনুযায়ী, ৪৬ টন প্রিকারসর থেকে প্রায় ১ হাজার ৩০০ কামিকাজে ড্রোনের জন্য প্রয়োজনীয় কার্বন ফাইবার তৈরি করা সম্ভব।
চীন অবশ্য রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির ওয়াশিংটন দূতাবাস বলেছে, তারা কোনো পক্ষকেই প্রাণঘাতী অস্ত্র দেয়নি এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
ডিবিসি/এসএফএল