আন্তর্জাতিক

রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৬ই এপ্রিল ২০২৬ ০৯:২৩:৫০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ প্রদেশের নরসি তেল শোধনাগার এই হামলার শিকার হয়েছে। ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার রাশিয়ার স্থানীয় কর্মকর্তারা প্রথমবারের মতো এই হামলার খবর প্রকাশ করেন। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানিয়েছেন, প্রিমোরস্ক বন্দরের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্দরটি রাশিয়ার অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। গভর্নর আরও জানান, ড্রোন হামলার ফলে একটি জ্বালানি ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাটল ধরে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, রাশিয়ার তেল পরিবহনকারী প্রতিষ্ঠান ট্রান্সনেফট এই বন্দরটি ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করে থাকে। ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গের মধ্যবর্তী এই কৌশলগত অবস্থানে এর আগেও গত মার্চে হামলা চালিয়েছিল ইউক্রেন।

 

অন্যদিকে, নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানিয়েছেন, রাশিয়ার চতুর্থ বৃহত্তম তেল শোধনাগার ‘নরসি’-তে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারটির দুটি গুরুত্বপূর্ণ ইউনিটে আঘাত হেনেছে ইউক্রেনীয় ড্রোন। হামলার সময় ওই এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

নরসি শোধনাগারটি রাশিয়ার জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম পেট্রোল উৎপাদনকারী কেন্দ্র। বার্ষিক প্রায় ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন তেল প্রক্রিয়াজাত করার ক্ষমতাসম্পন্ন এই শোধনাগার থেকে প্রতিদিন গড়ে ৩ লাখ ২০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হয়। যুদ্ধের ময়দানে রাশিয়ার রসদ ও অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতেই ইউক্রেন ধারাবাহিকভাবে এসব জ্বালানি কেন্দ্রে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন