আন্তর্জাতিক, অন্যান্য

রাশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স সংস্থায় ইউক্রেনের ড্রোন হামলা, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’ এর গুদামে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর চালানো এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রুশ সংবাদমাধ্যম ও স্থানীয় আঞ্চলিক গভর্নর।

ক্রাসনোদার এবং স্তাভরোপোল অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির লজিস্টিক হাবগুলোতে হামলা চালানের পর সেখান থেকে কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

মাত্র চার দিনের ব্যবধানে ওয়াইল্ডবেরিজের স্থাপনায় এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। এর আগে শনিবার তামবভ এবং এলেক্ট্রোস্তাল অঞ্চলের গুদামে চালানো হামলায় ৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছিলেন। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার সামরিক ড্রোন এবং নেভিগেশন সরঞ্জাম তৈরির যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহার করা হতো এসব গুদাম।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ওয়াইল্ডবেরিজের মালিক তাতিয়ানা কিম সাধারণ কর্মী ও মানুষের ওপর এই হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, তারা শুধু নিজেদের কাজটাই করে যাচ্ছিলেন। তবে এই পরিস্থিতি সাধারণ মানুষের সেবায় কাজ চালিয়ে যাওয়ার তাগিদ বাড়িয়ে দেয়।

 

ইউক্রেনীয় সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন সেন্টারের চেয়ারম্যান সেরহি কুজান জানান, রুশ স্বেচ্ছাসেবকরা সামরিক সরঞ্জাম কেনার কাজে এই ওয়েবসাইট ব্যবহার করছিল। তার মতে, ওয়াইল্ডবেরিজের গুদামে হামলার মূল উদ্দেশ্য রাশিয়ার সামরিক রসদ, গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স এবং নিষেধাজ্ঞাভুক্ত পণ্যের সরবরাহ বন্ধ করা। এই ধাক্কা রাশিয়ার অর্থনীতি ও সাধারণ মানুষের মানসিকতায় চাপ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এএইচডি

আরও পড়ুন