রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে এক অভিজাত রেস্তোরাঁর সামনে শনিবার সন্ধ্যায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়র্টার্সের প্রতিবেদন অনুযায়ী, বোমটি মূলত বাসায় তৈরি করা হয়েছিল এবং একজন নারী বোমাটি নিয়ে বিস্ফোরণস্থালে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাতে এই হামলার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সম্পৃক্ততাও টানছেন কেউ কেউ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মস্কোর কুদরিনস্কায়া স্কয়ারে স্ট্যালিন আমলের ঐতিহাসিক সাতটি গগনচুম্বী ভবনের একটিতে অবস্থিত একটি ইতালীয় রেস্তোরাঁর ঠিক বাইরে রাত ৮টার সামান্য আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি (এনএকে) এক বিবৃতিতে জানিয়েছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা হাতে তৈরি বোমা বহনকারী এক অজ্ঞাতনামা নারী ওই রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করছিলেন। তবে প্রবেশপথেই রেস্তোরাঁর একজন নিরাপত্তাকর্মী তাকে আটকে দেন।
এনএকে আরও জানায়, নিরাপত্তাকর্মীর বাধার সম্মুখীন হওয়ার পরপরই বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে হামলাকারী নারী, দায়িত্বপালনরত ওই নিরাপত্তাকর্মী এবং বালজি রসি নামক ইতালীয় রেস্তোরাঁটির এক গ্রাহক ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে, রবিবার রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম রেন টিভি তাদের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
তবে কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
ডিবিসি/এসডব্লিউএন