রাশিয়ার নিঝনি নভগোরদ শহরের ১৭ নম্বর সংশোধনাগারে (কারাগার) মাদক পাচারের জন্য একটি বিড়ালকে ব্যবহার করার অভিনব ঘটনা সামনে এসেছে। গত মঙ্গলবার রাশিয়ার কারা দপ্তরের কর্মীরা মাদক বহনের সময় এই বিড়ালটিকে আটক করেন।
রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস (এফএসআইএন) জানিয়েছে, পাচারকারীরা এই "লোমশ অপরাধী"র গলায় কাপড়ের তৈরি দুটি বিশেষ কলার পরিয়ে দিয়েছিল। আর সেই কলারের ভেতরেই বন্দীদের কাছে পৌঁছানোর জন্য নিষিদ্ধ মাদক লুকিয়ে রাখা হয়েছিল। তবে বিড়ালটি কারাগারের ভেতরে প্রবেশ করার আগেই পাহারারত কর্মীদের নজরে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে বিড়ালটিকে ধরে তার গলার কলারগুলো খুলে নেওয়া হয়। খবর পেয়ে স্নিফার ডগ (ঘ্রাণশক্তি সম্পন্ন কুকুর) নিয়ে একজন প্রশিক্ষক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কুকুরটি গন্ধ শুঁকে নিশ্চিত করে যে কলারগুলোর ভেতরে মাদকদ্রব্য রয়েছে। এফএসআইএন-এর কর্মকর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিড়ালটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: ইউরো নিউজ
ডিবিসি/এফএইচআর