জাতীয়, রাজনীতি

রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হবে সংসদে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এই অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ১৫ তারিখ (রোববার) সংসদ বসার পর ১৬ তারিখ থেকে অধিবেশন মুলতবি হবে। ঈদের পর আগামী ২৯ মার্চ আবারও সংসদ বসবে এবং তা এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে। 

 

তিনি আরও জানান, ১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়েও সংসদে আলোচনা হবে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে স্পিকার চাইলে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তন করতে পারবেন।

 

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। সেদিন রীতি মেনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সে সময় অধিবেশন থেকে ওয়াকআউট করেন জামায়াত জোটের সদস্যরা। প্রথম দিনের অধিবেশন শেষে রোববার সকাল ১১টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়েছিল।

 

শনিবারের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির অংশ নেন। এছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন