ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য শুরু করলে এই ঘটনা ঘটে।
অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতি যখন তার ভাষণ প্রদান করতে মঞ্চে দাঁড়ান, ঠিক তখনই ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন ও বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ অব্যাহত থাকে।
একপর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, জামায়াতের অন্যান্য সংসদ সদস্য এবং এনসিপির সদস্যরা বিভিন্ন স্লোগান দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। ওয়াক আউট করার সময় তাদের কণ্ঠে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।
উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিষয়টি নিয়ে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল। সংসদীয় রীতি অনুযায়ী কোনো বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে সংসদ সদস্যদের এই কক্ষ ত্যাগের ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ডিবিসি/টিবিএ