প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন এবং দেশের সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এর আগে, আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। দীর্ঘ ২০ বছর পর বিএনপির রাষ্ট্রক্ষমতায় ফেরার এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে এবারই প্রথমবার সংসদ ভবনের খোলা চত্বরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোট ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সরকারের এই শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ডিবিসি/ এসএফএল