আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে, যেখানে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
নির্বাচনী প্রসঙ্গের পাশাপাশি উক্ত বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
ডিবিসি/পিআরএএন