রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ সদস্যদের মানতে হবে ৯ নির্দেশনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাংবিধানিক নিয়ম রক্ষায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিষয়ে ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় ভোট গ্রহণের পদ্ধতি ও করণীয় তুলে ধরা হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যদের আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

 

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার সংগ্রহ করবেন সংসদ সদস্যরা। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সেটি সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

 

এরপর ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

 

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হলে তা ব্যালট বাক্সে ফেলার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না। ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।

 

ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে বলেও ইসির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

 

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন