বাংলাদেশ, জেলার সংবাদ

রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা ডিসেম্বর ২০২৫ ১০:৩৬:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষের মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আল-কুরআন একাডেমি কুমিল্লার উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

 

তিনি বলেন, বিভেদ ও অনৈক্য মানুষ, সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে দেয়। এ দেশ আমাদের সবার। যদি আমাদের মধ্যে ঐক্য বজায় থাকে, তবে ইসলাম আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। অন্যদিকে, বিচ্ছিন্নতা সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।

 

দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যদি দেশ থেকে দুর্নীতি ও অর্থপাচার পুরোপুরি বন্ধ করা যায়, তবে বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায়ও দ্রুত এগিয়ে যেতে পারবে। 

 

তিনি আরও বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক তৈরি করা।

 

সামাজিক অবক্ষয় রোধে তিনি গীবত ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা কারো গীবত করবো না। ফেসবুকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আমরা নিজেরা তা যাচাই না করে বলবো না। কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করুন, এরপর অন্যকে বলুন। মনে রাখবেন, ঘৃণা থেকেই সমাজে সন্ত্রাস ছড়ায়।

 

সম্মেলনে দেশি-বিদেশি প্রখ্যাত ক্বারীরা তিলাওয়াত পরিবেশন করেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ এবং ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার। অনুষ্ঠানের শেষ পর্বে ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন