যশোর সফরের সময়

রাস্তায় ফুল হাতে দাঁড়ানো মা ও শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে এপ্রিল ২০২৬ ০২:১৬:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোর সফরের সময় ফুল হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল যশোরে নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেয়।

গত ২৭ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী যখন যশোর ইনস্টিটিউটের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন, তখন ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত বাস থেকে নেমে তিনি রাস্তার পাশে দাঁড়ানো এই মা ও শিশুকে বেশ কিছুক্ষণ সময় দিয়েছিলেন। সেই মানবিক দৃশ্যটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও প্রশংসিত হয়।

 

প্রধানমন্ত্রীর নির্দেশে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই উপহার পাঠানোর বিষয়টি সমন্বয় করেন। বৃহস্পতিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিলিমার বাসায় উপহার নিয়ে হাজির হন। এ সময় সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুল রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে অভিভূত নিলিমা ও তার পরিবার রাষ্ট্রপ্রধানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা এবং তৃণমূলের সাথে সংযোগ স্থাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগটি দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন