জাতীয়, রাজধানী

রাস্তা বন্ধ করলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজনৈতিক কর্মকাণ্ডের নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, জনজীবন বিপর্যস্ত করে রাস্তা দখল করে রাখলে তিনি আর দলীয় কার্যালয়ে আসবেন না।

 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সব কিছু স্বাভাবিকভাবে চলে। আমি অফিসে আবারও আসব, কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না। 

 

তিনি আরও বলেন, যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।

 

দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। দেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ধৈর্যের সঙ্গে মানুষের সেবা করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

 

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নেতাকর্মীদের রাস্তার বাঁ দিকে চেপে দাঁড়িয়ে চলাচলের পথ সুগম করে দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, সবাই বাঁ দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর নয়াপল্টন এলাকায় সমবেত নেতাকর্মীরা দ্রুত রাস্তা ছেড়ে দেন এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন