রিয়াল মাদ্রিদের জার্সিতে ভয়াবহ গোল খরায় ভুগছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে গত ৮১ দিন ধরে কোনো গোল করতে পারেননি তিনি। সর্বশেষ ১৪ ম্যাচে ১ হাজার ১১৬ মিনিট মাঠে থেকেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন এই ফরোয়ার্ড। এমন পারফর্ম্যান্সে বিরক্ত হয়ে সমর্থকরা তাকে মাঠেই দুয়ো দিচ্ছেন। আসন্ন বিশ্বকাপের আগে ভিনির এই ফর্মহীনতা ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্যালন ডি’অর না পাওয়ার পর ভিনিসিয়ুস সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ গুণ শক্তি নিয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সেই ঘোষণার পর খেলা ৬৭ ম্যাচে তিনি গোল করেছেন মাত্র ১৯টি। চলতি মৌসুমে সব মিলিয়ে ২৪ ম্যাচ খেলে তার গোল সংখ্যা মাত্র ৫টি। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর মিনিটের হিসেবে এটিই তার ক্যারিয়ারের অন্যতম বাজে সময়।
ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দল ব্রাজিলের হয়েও সুবিধাজনক অবস্থায় নেই ভিনি। সেলেসাওদের হয়ে খেলা শেষ তিন ম্যাচে কোনো গোল পাননি তিনি। রিয়ালের কোচ শাবি আলোনসো তাকে একাদশে রাখলেও, কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা কমছে না। সাধারণত রিয়াল মাদ্রিদে পারফর্ম করতে না পারলে তারকা খ্যাতি থাকলেও বেঞ্চে বসতে হয়, এমনকি দল থেকে বাদ পড়ার নজিরও রয়েছে। ভিনিসিয়ুস সেই তালিকার পরবর্তী নাম হতে যাচ্ছেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।
ডিবিসি/কেএলডি