বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি নতুন থিম পার্ক নির্মাণ করেছেন। 'বিস্ট ল্যান্ড' নামের এই পার্কটি তার ভাইরাল ভিডিওগুলোর ধাঁচে নির্মিত হয়েছে, যেখানে গেলে দর্শনার্থীরা বিস্টের ভিডিওগুলোর বাস্তবতা ছুঁতে পারবেন।
মিস্টার বিস্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। ২৭ বছর বয়সী এই ইউটিউবার বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ বিলিয়নেয়ার হিসেবে পরিচিত। তার প্রকৃত নাম জেমস ডোনাল্ডসন এবং তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাতে বেড়ে উঠেছেন।
চলতি মাসে এই অনলাইন সেনসেশন ১০০ বিলিয়ন ভিউ অতিক্রম করেছেন। তার ভিডিওগুলোতে মানুষ বড় অঙ্কের অর্থ পুরস্কার জিততে কঠিন চ্যালেঞ্জ ও সহনশক্তির পরীক্ষা মোকাবিলা করে থাকে।
মি. বিস্ট তার ভাইরাল ভিডিওগুলোর ধাঁচে সৌদির রাজধানী রিয়াদে 'বিস্ট ল্যান্ড' গড়ে তুলেছেন। নীল নিয়ন আলোয় সাজানো এই পার্কে আছে রোলার কোস্টার এবং আমেরিকান গ্ল্যাডিয়েটর ধাঁচের নানা চ্যালেঞ্জ।
মিস্টার বিস্ট বলেন, পার্কটি দুই ভাগে বিভক্ত। সামনের অংশটি সাধারণ থিম পার্কের মতোই কিন্তু পার্কের পেছনের অংশটিতে রয়েছে সম্পূর্ণ কাস্টম গেমস, যা বানানো হয়েছে আমাদের হিট শো 'বিস্ট গেমস'-এর ধাঁচে।
তিনি আরও জানান, তার ভক্তদের ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে। সৌদি আরবকে তিনি স্বাভাবিকভাবেই পছন্দের তালিকায় রেখেছেন, কারণ এখানে তার ভিডিওর নতুন সিজনের জন্য সহজেই স্টুডিও সুবিধা পাওয়া যাবে।
২০১৬ সালের মাঝামাঝি সময়ে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে ৩০ হাজারের কম সাবস্ক্রাইবার ছিল। ২০২১ সালে মাত্র এক বছরে তার চ্যানেলে ৩ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার যোগ হয়। বর্তমানে ৪৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে 'মি.বিস্ট' ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেল।
ডিবিসি/ এইচএপি