খেলাধুলা, ফুটবল

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিতে আর্জেন্টিনার ‘মাস্তান’

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতিভার ঝলক দেখালেও এখনো নিজের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে পারেননি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার অন্যতম সম্ভাবনাময় এই তরুণকে আরও পরিণত করে তুলতে এবার ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় ধারে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ও ফিওরেন্তিনা পৃথক বিবৃতিতে জানিয়েছে, ১৮ বছর বয়সী মাস্তানতুয়োনোর সঙ্গে এক মৌসুমের ধারের চুক্তি হয়েছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। তবে এতে স্থায়ীভাবে তাকে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। অর্থাৎ মৌসুম শেষে ফিওরেন্তিনা চাইলে তাকে কিনে নিতে পারবে না; ধারের মেয়াদ শেষ হলে রিয়ালেই ফিরতে হবে এই তরুণকে।

 

বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে গত বছর আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। তবে স্প্যানিশ ক্লাবে তার অভিষেক মৌসুম প্রত্যাশামতো কাটেনি। ৩৫ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন মাত্র তিনটি। এর বেশিরভাগ ম্যাচেই তাকে বদলি হিসেবে মাঠে নামানো হয়।

 

জাতীয় দলের হয়ে অবশ্য অভিষেকেই ইতিহাস গড়েন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। গত বছরের জুনে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯৬ দিন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন তিনি।

 

তবে রিয়ালে নিয়মিত সুযোগ না পাওয়া এবং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে জায়গা হয়নি তার। ফলে ক্যারিয়ারকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে ফিওরেন্তিনায় ধারে যাওয়াকে দেখছেন মাস্তানতুয়োনো।

 

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমার জন্য এটি বিশেষ একটি দিন। দারুণ ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবে যোগ দিতে আমি মুখিয়ে ছিলাম।’

 

ফিওরেন্তিনায় আগামী মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পেলে ১৮ বছর বয়সী মাস্তানতুয়োনো আরও পরিণত হয়ে উঠবেন-এমনটাই প্রত্যাশা রিয়াল মাদ্রিদের।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন