বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
বৃহস্পতিবার (২১ আগস্ট) শেকৃবি সাদা দলের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. নুর মহল আখতার বানুর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কোবির রিজভীকে মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু ও সংগ্রামের প্রতীক রুহুল কবির রিজভী। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে তিনি বারবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন। গণমানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে বারবার তিনি মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন এবং কারাবরণ করেছেন।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এডভোকেট রুহুল কবির রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দূরদর্শিতা দলের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের জন্য এক বড় প্রেরণা। তাঁর বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে বলে আশা করছি।
বিবৃতিতে বলা হয়, রাকসুর ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মধ্য দিয়ে রুহুল কবির রিজভী রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দলের সংকটময় ও কঠিন পরিস্থিতিতে তিনি বিচলিত না হয়ে দলের নেতাকর্মীদের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে আত্মনিয়োগ করেছিলেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।
তার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করে শেকৃবি সাদা দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।
ডিবিসি/এসডব্লিউএন