বাংলাদেশ

নারায়ণগঞ্জে ক্রেন ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি গম কারখানায় জাহাজ থেকে মালামাল খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের একটি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই থানার সহিদপুর এলাকার ছোটনের ছেলে আমিন (২৬)।

 

প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা গেছে, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপের গম কারখানার নিজস্ব ঘাটে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছিল। রাত ৭টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম ক্রেন দিয়ে গম আনলোড করার সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আলামিন মারা যান। গুরুতর আহত অবস্থায় আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন