জেলার সংবাদ

রূপপুরে মদ খেয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু, আইসিইউতে ১

স্টাফ রিপোর্টার, পাবনা

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের হাতাহাতির ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজন মেনচেভ মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

নিহত সের্গেই নিকোলায়েভিচ গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর রুমে বসবাস করতেন। তাঁরা দুজনেই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রিনসিটিতে অবস্থানকালে তাঁরা মদ্যপান করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একে অপরকে মারধর করেন। এতে দুজনেই অচেতন হয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রিনসিটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়।


গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তাঁদের দুজনকেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় এবং সেখানে আইসিইউ না থাকায় তাঁদের পাবনার অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। অপরজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন