পবিত্র রমজান মাস শুরুর আগেই আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে হামলা অব্যাহত থাকলে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হলে পাকিস্তান সরাসরি পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সেখান থেকে এসে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। খাজা আসিফ উল্লেখ করেন, আফগান তালেবান সরকারের সঙ্গে এ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলমান থাকলেও বাস্তবে হামলার ঘটনায় কোনো ভাটা পড়েনি।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হারে অবনতি হয়েছে। বিশেষ করে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। হামলাকারী প্রথমে নিরাপত্তাবাহিনীর ওপর গুলি ছুড়ে মসজিদে প্রবেশ করে এবং নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এই নারকীয় হামলায় ৩১ জন নিহত এবং ১৬০ জনেরও বেশি মানুষ আহত হন। এর রেশ কাটতে না কাটতেই খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশেও একাধিক নাশকতার ঘটনা ঘটেছে।
এমতাবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, আফগান কর্তৃপক্ষ যদি নিজ ভূখণ্ডে অবস্থানরত এসব সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয় বা কার্যকর ব্যবস্থা না নেয়, তবে উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার তাদেরকেই বহন করতে হবে।
সূত্র: এআরওয়াই নিউজ
ডিবিসি/এফএইচআর