জেলার সংবাদ

রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নিতে কক্সবাজারে ফুটবলার ওজিল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানে করে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।


বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি সরাসরি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে যান। সেখানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তাঁরা।


সভা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের সসম্মানে নিজ জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার মজলুম এই জনগোষ্ঠীর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী, তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা 'টিকা' পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করবেন।


বিকেলে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের অংশগ্রহণের কথা রয়েছে। খেলা শেষে তারা শরণার্থী শিবিরের সাধারণ রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন।


একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করছে। প্রতিনিধি দলে আরও রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা-এর সভাপতি আব্দুল্লাহ এরেন এবং ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা।


সফর শেষে আজ রাতেই প্রতিনিধি দলটির আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন