রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুরুতে তারা তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে রোহিঙ্গাদের চিকিৎসাসেবা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তারা তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা ‘টিকা’ পরিচালিত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারে যান। সেখানে বিশ্বখ্যাত ফুটবলার ওজিল ও বিলাল এরদোয়ান রোহিঙ্গা শিশুদের সাথে সময় কাটান এবং শিশুদের অনুরোধে তাদের সাথে সেলফিতে বন্দি হন।
বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ফুটবল মাঠে আয়োজিত এক চ্যারিটি ম্যাচে অংশ নেন মেসুত ওজিল। জার্মানির এই সাবেক মেগাস্টারকে মাঠে দেখে গ্যালারি থেকে ‘ওজিল ওজিল’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় ফুটবল তারকাকে সরাসরি চোখের সামনে দেখে এবং তার সাথে খেলার সুযোগ পেয়ে রোহিঙ্গা খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। খেলা শেষে ওজিল ও বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের সাথে ইফতারিতে অংশ নেন, যা শিবিরের মানুষের মধ্যে এক অন্যরকম সংহতির আবহ তৈরি করে।
পরিদর্শনকালে তুরস্কের প্রেসিডেন্টপুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গারা যেন পূর্ণ নাগরিক অধিকার নিয়ে সসম্মানে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য তুরস্কের মানবিক প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। সেই সাথে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গাদের এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানান। মূলত মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের মানসিক প্রশান্তি দিতেই এই ভিন্নধর্মী আয়োজন ও সফরের পরিকল্পনা করা হয়।
ডিবিসি/টিবিএ