বাংলাদেশ, জাতীয়

রোহিঙ্গা শরণার্থীদের ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিলো নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে নরওয়ে সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) রবিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে দেশটির এই অনুদানকে স্বাগত জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, নরওয়ের দেওয়া এই অর্থ ২০২৫-২৬ সালে সংস্থাটির বৈশ্বিক বাজেটে সহায়তার অংশ হিসেবে যুক্ত হবে। ২০২৫ সালে মানবিক তহবিল কমে যাওয়ায় শরণার্থী ক্যাম্পগুলোতে অগ্রাধিকারমূলক সেবা কার্যক্রম বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জীবন রক্ষাকারী কার্যক্রম অব্যাহত রাখতে এবং ক্রমবর্ধমান সুরক্ষা ও মানবিক চাহিদা পূরণে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বলেন, সংকটের নবম বছরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুস্থভাবে বেঁচে থাকা এবং আশা টিকিয়ে রাখতে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আন্তর্জাতিক সহায়তা দরকার। নরওয়ের এই অনুদান শরণার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবিকাভিত্তিক সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসকে আরও মজবুত করবে এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আগপর্যন্ত তাদের মনোবল অটুট রাখবে।

 

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন বলেন, মানবিক নীতি মেনে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সুরক্ষা এবং তাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে ইউএনএইচসিআরের কার্যক্রমে সহায়তা করতে পেরে নরওয়ে গর্বিত। তিনি উল্লেখ করেন, নরওয়ে ও ইউএনএইচসিআর শরণার্থী সুরক্ষার ক্ষেত্রে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, যা অধিকারভিত্তিক ও দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাসী।

 

এছাড়াও, নরওয়ে ‘সেইফ প্লাস টু’র মতো যৌথ কর্মসূচিতে সহায়তা অব্যাহত রেখেছে। এই কর্মসূচির আওতায় শরণার্থীদের রান্নার জন্য পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ করা হয়, যা লাকড়ির ওপর নির্ভরতা কমায় এবং ক্যাম্পের পরিবেশ ও স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি ঘটায়।

 

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নরওয়ে মূল সহায়তা হিসেবে এখন পর্যন্ত ৫ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ইউএনএইচসিআর ও তার অংশীদাররা রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০২৬ সালের হালনাগাদ যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) চালুর প্রস্তুতি নিচ্ছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন