বাংলাদেশ, জাতীয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে সক্রিয় হবে বাংলাদেশ

বাসস

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্বকে কাজে লাগিয়ে রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন একাডেমিতে ‘দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট: সমন্বিত দৃষ্টিভঙ্গির সন্ধান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের মতো বহুপক্ষীয় বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থান কাজে লাগিয়ে রোহিঙ্গা সংকটের গুরুত্ব নতুন করে তুলে ধরা হবে। সংকটটি জটিল ও দীর্ঘায়িত হলেও কূটনৈতিক উপায়ে এর সমাধানের বিষয়ে বাংলাদেশ আশাবাদী। এজন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে।


তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক আলোচনায় রাখা, আর্থিক সহায়তা অব্যাহত রাখা এবং একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। এর লক্ষ্য জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে রাখাইনে প্রত্যাবাসন নিশ্চিত করা।


প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারে স্বার্থ ও প্রভাব রয়েছে এমন চীন, আসিয়ানভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ।


তিনি বলেন, জটিল এই সংকট সমাধানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। তবে কূটনৈতিক উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে হবে।


হুমায়ুন কবির আরও বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক সমস্যা। টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে এবং আর্থিক সহায়তার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও নেপথ্য আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন