বাংলাদেশ, রাজধানী
লকডাউনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো রাজধানী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সপ্তাহের শেষ কর্মদিবস হলেও আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সকাল থেকেই সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম এবং গণপরিবহণের সংকট দেখা দিয়েছে।
লকডাউন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তার চাদর বিছানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
উদ্বেগ আর আতঙ্ক নিয়েই অফিসগামী মানুষ রাস্তায় বের হয়েছেন। গণপরিবহনের সংখ্যা কম থাকায় তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এর মধ্যে সন্দেহভাজন মনে হলে তল্লাশির মুখেও পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে, এই লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজধানীর বিভিন্নস্থানে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তারা লকডাউন বিরোধী নানা স্লোগান দেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'ফ্যাসিস্টদের' ডাকা লকডাউন জাতি প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অবৈধ ক্ষমতা ফিরে পেতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও লকডাউন দিয়েছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন দিচ্ছে 'ফ্যাসিবাদীরা'। তিনি ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলেও মনে করেন।
ডিবিসি/এএমটি