লক্ষ্মীপুর শহরের রামগতি সড়কে দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় জাহিদ হাসান রাব্বি (২৬) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে শহরের মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রশিদ হাওলাদার বাড়ির মৃত নূর হোসেন কোম্পানির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ঝড়ো আবহাওয়ার মধ্যে রাব্বি মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশন এলাকা থেকে রামগতি সড়কের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মডেল হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল